অনেক প্রশ্নের উত্তর না দিয়ে, অনেক
সমস্যার সমাধান না করে আইনি বাধা পেরিয়েছে সরকারি চাকুরেদের জন্য অষ্টম
বেতন কাঠামো। এতে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সবার জন্য টাইম স্কেল ও
সিলেকশন গ্রেড রাখা হয়েছে। বাতিল করা হয়েছে সব সরকারি চাকুরের ২০১৫ সালের
বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)। তবে আগামী বছরের ১ জুলাই থেকে প্রতিবছর
এই ইনক্রিমেন্ট মিলবে। সরকারি বাড়িতে থাকা চাকুরেদের বাড়িভাড়া ভাতার
পাশাপাশি মূল বেতন থেকে যে সাড়ে ৭ শতাংশ অর্থ কাটা হতো, তা আর কাটবে না
সরকার। অবসরোত্তর ছুটিকালীন (পিআরএল) সুবিধা আরো ছয় মাস বাড়িয়ে দেড় বছর করা
হয়েছে। পেনশন সুবিধা বাড়িয়ে করা হয়েছে মূল বেতনের ৯০ শতাংশ। অর্থ
মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
